ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে গৌরীপুর পর্যন্ত সাত কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে তীব্র যানজট দেখা দেয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট ছিল।
দাউদকান্দি হাইওয়ে থানা জানায়, গভীর রাতে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় দুটি যানবাহনের দুর্ঘটনার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক তাপস চন্দ্র সাহা জানান, তিনি সকালে ঢাকা থেকে বাসে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছে যানজটে আটকা পড়েন। ছয় কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে তার দুই ঘণ্টা সময় লেগেছে।
ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসের চালক মো. মাইনউদ্দিন জানান, ঢাকা থেকে ভোরে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়ে দাউদকান্দির হাসানপুর এলাকায় যানজটে আটকা পড়েন। যানজট ঠেলতে ঠেলতে মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ছয় কিলোমিটার পাড়ি দিয়েছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, “যানজট নিরসনে হাইওয়ে থানা-পুলিশ মহাসড়কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।”