• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
প্রেমের প্রস্তাব প্রত্যাখান

স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ; ২ ধর্ষক গ্রেফতার

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তিন যুবক মিলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলেন মোহাম্মদ ফয়সাল ও জাহিদুল ইসলাম।

পুলিশের ভাষ্য, ফয়সাল মেয়েটিকে বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। সাড়া না পেয়ে তিন বন্ধু মিলে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করেন।

গত ১৮ জুন উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার ১০ দিন পর গতকাল শনিবার রাতে মেয়েটির পরিবার থানায় অভিযোগ করে। এরপর বিষয়টি জানাজানি হয়।

মানসম্মানের ভয়ে মেয়েটির পরিবার বিষয়টি গোপন রেখেছিল বলে জানালেন চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার। বললেন, ‘মেয়েটির বাবা বাদী হয়ে গতকাল মামলা করেছেন। এরপর আমরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছি। বাদী জানিয়েছেন, প্রথমে তারা পারিবারিকভাবে বিষয়টি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’

গ্রেপ্তার ফয়সাল ও জাহিদুল এবং পলাতক মোহাম্মদ জাহেদের বাড়ি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে। তাদের বয়স ২৬-২৭ বছরের মধ্যে। আক্রান্ত মেয়েটির বাড়িও একই এলাকায়। চন্দনাইশ পৌরসভার একটি স্কুলের ছাত্রী।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৮ জুন বিকালে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া থেকে আক্রান্ত মেয়ে ও তার ছোট বোনকে সিএনজি অটোরিকশায় তুলে নেন অভিযুক্তরা। পথে ছোট বোন অটোরিকশা থেকে লাফিয়ে নেমে যান। মেয়েটিকে কাঞ্চনাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামে একটি পোলট্রি ফার্মের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণের পর ছেড়ে দেয়।

ওসি জানালেন, অপহরণে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আক্রান্ত মেয়েটিকে গতকাল রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। আজ রবিবার আদালতে নিয়ে তার ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category