চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া এলাকায় এ অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুলপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ৬৫ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।