রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে লেখা ছিল—‘প্রক্টর স্যার অসহায়, পুলিশ লেজ গুটিয়ে পালায়, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র চালায়’, ‘সাংবাদিকদের ওপর হামলা, গণতন্ত্রের ওপর হামলা’, ‘অন্যায় দেখলে সাংবাদিক বলবে, রক্ত ঝরলেও কলম চলবে’, ‘হাবিপ্রবি, তিতুমীর কলেজ, ঢাবি, রাবি—এরপর কোনটা?’ এবং ‘সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন করুন, রাষ্ট্রীয় ব্যর্থতা স্বীকার করুন’।
কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে ইবির সাংবাদিক সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজ নিজ সংগঠনের দাপ্তরিক প্যাডে বিবৃতি দিয়ে রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সাংবাদিকরা ক্যাম্পাসের বিভিন্ন ঘটনা, অনিয়ম ও সংশ্লিষ্ট বিষয় গণমাধ্যমে তুলে ধরেন। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা সংবাদ সংগ্রহে বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, রোববার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দেশীয় অস্ত্র হাতে কিছু লোক জড়ো হওয়ার দৃশ্য ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন।
এ ঘটনায় দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফুজ্জামান কোরবান, দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু ও আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক আহত হন। তাদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে।