‘ড্রপস অব হোপ’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ’রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করেছে ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট রাংলাদেশ (সিসিআরটিবি)। রবিবার (৪ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে মাগুরার আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে রেড ক্রিসেন্টের একজন চিকিৎসক ও কয়েকজন স্বাস্থ্য সহকারী উপস্থিত থেকে রক্ত সংগ্রহ ও স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।
সরেজমিনে দেখা যায়, কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীরা অংশ নিয়ে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পায়। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে সিসিআরটিবির এক্সিকিউটিভ মেম্বার জান্নাতুল ফেরদৌস রিয়া বলেন, “ড্রপস অব হোপ” কর্মসূচির মাধ্যমে আমরা মূলত ক্যান্সার সচেতনতা, গবেষণা ও ট্রাস্ট নিয়ে কাজ করি। এর ধারাবাহিকতায় এবার রক্তদান, রক্তের গ্রুপ পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আয়োজন করা হয়েছে। রক্তদান নিয়ে মানুষের মধ্যে থাকা দ্বিধা ও ভয়ভীতি কাটিয়ে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসংক্রান্ত কিছু বিষয় জানা এবং রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অনেকেই অলসতা বা সময়ের অভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না। বিশেষ করে ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সময় ও আর্থিক সীমাবদ্ধতার বিষয়টিও বিবেচনায় নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।