দীর্ঘদিনের লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ দিনাজপুরের হাকিমপুরবাসীর জন্য স্বস্তির খবর। বিদ্যুৎ সংকট কমাতে বড়পুকুরিয়া গ্রিড থেকে হাকিমপুর উপকেন্দ্রের জন্য অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এতে উপজেলার কয়েক হাজার গ্রাহকের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল থেকে বড়পুকুরিয়া গ্রিড হতে হাকিমপুর উপকেন্দ্রে অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ সক্ষমতা বাড়বে এবং স্বাভাবিক সময়ে লোডশেডিংয়ের মাত্রাও কমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুধু অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ নয়, হাকিমপুর উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল করতে প্রায় ২ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপনের বিষয়টিও যাচাই করছে নেসকো কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে ছিলেন হাকিমপুরের ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ গ্রাহকরা। বিশেষ করে সন্ধ্যার পর ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল।
স্থানীয়রা বলছেন, অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি প্রস্তাবিত সঞ্চালন লাইন স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন হলে হাকিমপুরের বিদ্যুৎ পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। এতে শুধু লোডশেডিং কমবে না, বিদ্যুৎ সরবরাহও আরও নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল হবে বলে আশা করছেন তারা।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, হাকিমপুরের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসনে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সরাসরি হস্তক্ষেপ ও আন্তরিক সহযোগিতা রয়েছে। তাঁর উদ্যোগেই বিদ্যুৎ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় করা হয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ এবং সঞ্চালন লাইন স্থাপনের উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে হাকিমপুরের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানের পথ আরও সুগম হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।