মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ছারছীনা দরবার শরীফ। দরবারের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)-এর নির্দেশে দুর্যোগকবলিত এলাকায় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। পাশাপাশি এই অঞ্চলের মানুষের খোঁজখবর নেন দরবারের পীর। এসময় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ (মা.জি.আ.) উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ কার্যক্রম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা পশ্চিম বড়গোনা ও ছনুয়া ইউনিয়ন এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার নাপিতখালী এলাকায় অনুষ্ঠিত হয়।
এসময় মাওলানা শাহ আবু বকর বলেন, “ইসলামের শিক্ষা অনুযায়ী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ছারছীনা দরবার শরীফ সবসময় দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যদি সমন্বিতভাবে এগিয়ে আসে, তাহলে দুর্যোগকবলিত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব হবে।
ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, দুর্যোগের কঠিন এই সময়ে ছারছীনা দরবার শরীফের সহায়তা তাদের নতুন আশার সঞ্চার করেছে। তারা হযরত পীর ছাহেব কেবলা এবং ত্রাণ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।