• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের নিরপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ

পুলিশের সামনে এইচএসসি পরীক্ষার্থীর উপর ছাত্রদল নেতার হামলা

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি: / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
হামলার শিকার দুই শিক্ষার্থী।

বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। পরীক্ষরে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের সামনেই হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছে। হামলার শিকার দুই শিক্ষার্থী শাহরিয়ার খান ও রাফসান আমিন সরকারি পি.সি. কলেজের এইচএসসি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের ভেতরে এবং পরে ফটকের বাইরের সড়কে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্য শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ভুক্তভোগীদের দাবি, সরকারি পি.সি. কলেজের ছাত্রদল নেতা সামিরসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। ফেসবুক মেসেঞ্জারে কথাকাটাকাটির জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।

এদিকে, পরীক্ষাকেন্দ্রের অদূরে ইউনিফর্ম পরিহিত ও প্রবেশপত্র হাতে থাকা পরীক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

অভিভাবক মহিবুন নাহার বলেন, “আমার ছেলে এখানে পরীক্ষা দিচ্ছে। প্রকাশ্যে দুই শিক্ষার্থীর ওপর হামলা হলো, অথচ কেউ এগিয়ে এল না। আগামীকাল যদি অন্য কোনো শিক্ষার্থীর ওপর হামলা হয়, তাহলে তার দায় কে নেবে? আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল নেতা সামির বলেন, শাহরিয়ার খান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার পক্ষে এবং বর্তমান সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। এসব বিষয়কে কেন্দ্র করে তার সহপাঠীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নয়।”

বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. এ.জেড.এম. রুহুল কাদির বলেন, “হামলার বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি। কলেজের ভেতরে যে শিক্ষার্থী হামলায় জড়িত ছিল এবং হামলার শিকার শিক্ষার্থীরাও সরকারি পি.সি. কলেজের শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার প্রবেশপত্রের অনুলিপি সরকারি পি.সি. কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “কলেজের বাইরের হামলার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের তথ্যসহ বিষয়টি সরকারি পি.সি. কলেজ কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হবে।”

ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category