দেশে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বৃদ্ধি এবং এর পরিচালনাগত সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে একটি উচ্চ পর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার।
গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। ৭ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা।
কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব সচিব।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংস্থার আওতায় পরিচালিত মোবাইল কোর্ট সংক্রান্ত সব ধরনের আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করবে। একইসঙ্গে এসব সমস্যা উত্তরণে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের সহায়ক পরিচালনা ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেও কমিটি সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই কমিটি তাদের কাজের সুবিধার্থে যেকোনো মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের নিজেদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে। কমিটি প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় সভা আহ্বান করতে পারবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের ‘জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ’ এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।