রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ তিন হাসপাতালে একযোগে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ জনকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
২৯ জুন (সোমবার) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালায় র্যাব-২ এর একটি আভিযানিক দল।
অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে পাঠিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। চক্রটি দীর্ঘদিন ধরে গ্রাম থেকে আসা সহজ-সরল রোগী ও রোগীর স্বজনদের সাথে প্রতারণা করতো। এতে রোগীরা অপচিকিৎসা ও আর্থিক ক্ষতির শিকার হয়েছে। র্যাব আরও জানায়, যেসব ভুঁইফোড় ক্লিনিক এসব অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।