অত্যধিক গরম ও বিরূপ আবহাওয়া বিবেচনায় ফিফা ফুটবল বিশ্বকাপে প্রথমবার ম্যাচের দুই অর্ধে একবার করে ‘হাইড্রেশন ব্রেক’ দেওয়ার নিয়মের প্রয়োগ হচ্ছে। যা নিয়ে এরই মাঝে নেতিবাচক মনোভাব দেখা গেছে ফুটবলার ও কোচদের। সেই দলে যোগ দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচের মাঝে অতিরিক্ত বিরতির সঙ্গে মানিয়ে নেওয়ার আশা তার।
আজ ২২জুন (সোমবার) রাত ১১টায় বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তেরা। ডালাস স্টেডিয়ামে তারা অস্ট্রিয়ার বিপক্ষে লড়বে। এর আগে সংবাদ সম্মেলনে হাইড্রেশন ব্রেক নিয়ে স্কালোনি বলেন, ‘এই ২২-২৩ মিনিটের মধ্যে (বিরতির সময়) আমার মাথায় থাকা অনেক কিছুই বদলে যেতে পারে। আমাদের কিছু মানুষ ম্যাচ বিশ্লেষণ করে এবং আমরা সমাধান খুঁজি। এটা আসলে স্বাভাবিক বিরতির সময় যা করা হয়, তারই মতো।’
তিনি আরও বলেন, ‘যারা আক্রমণ করতে চায়, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ কিছু বিষয় পরিবর্তন করার সুযোগ থাকে। তবে আমরা যদি আরও বেশি এমন পরিস্থিতির মুখোমুখি হই, তাহলে এটি স্বাভাবিক হয়ে যাবে। আমার মনে হয় না, এখনও এটা আমাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। আমরা বিষয়গুলো বিশ্লেষণ করছি এবং ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি। কখনও কখনও ম্যাচের প্রথমার্ধের মধ্যেই পরিস্থিতি বদলে যায় এবং তখন কিছু বিষয় সংশোধন করা যায়।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছিল। ফলে আর্জেন্টিনার ম্যাচটি যে সহজ হবে না সেটাই স্মরণ করিয়ে দিলেন স্কালোনি। অবশ্য বিশ্বকাপজয়ী এই কোচ কোনো ম্যাচের আগেই পুরোপুরি নির্ভার থাকেন না, প্রতিটি ম্যাচেই তাকে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিতে দেখা যায়।
আমরা দু’দলই প্রথম ম্যাচ জিতেছি, তাই এটি হয়তো ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, যদিও এখন ম্যাচের সংখ্যা বেশি। গ্রুপপর্ব সবসময়ই কঠিন হয়ে থাকে’, আরও যোগ করেন আলবিসেলেস্তে কোচ। এ ছাড়া টুর্নামেন্টের শুরুর দিকে বেশ কিছু অপ্রত্যাশিত ফল দেখা গেলেও স্কালোনির বিশ্বাস– শেষ পর্যন্ত বড় দলগুলোই এগিয়ে থাকবে।