• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক / ২৯ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় একজন ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন।

 

নিহত পাঁচ বাংলাদেশির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামে। তারা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

 

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করেছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক।

 

তিনি বলেন, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে, যাতে দ্রুত মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া যায়।

 

কানাইঘাট প্রেসক্লাবের সহসভাপতি তাওহীদুল ইসলাম বলেন, কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসীর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক।

 

তিনি আরও জানান, স্থানীয় প্রবাসী সংগঠন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে পরিবারের সদস্যরা শেষবারের মতো তাদের দেখতে পারেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করতে পারেন।

 

এদিকে, নিহত বাংলাদেশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

 

এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব রেমিট্যান্সযোদ্ধার আকস্মিক মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

 

প্রতিমন্ত্রী আরও জানান, নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ আর্থিক সহায়তা নিশ্চিত করতে কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, এই কঠিন সময়ে সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category