খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যৌথখামার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জাহাঙ্গীর আলম নামে এক শ্রমিক আহত হয়েছেন। স্থানীয়রা সাথে সাথে আহত শ্রমিককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তিনি পেশায় বাঁশবাহী গাড়ি চালক।
শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে আসা সশস্ত্র ব্যক্তিরা এলাকায় কয়েক রাউন্ড গুলি ছুড়লে শ্রমিক গুলিবিদ্ধ হন। আহত জাহাঙ্গীর আলম মাটিরাঙ্গা উপজেলার আদর্শ গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাচ্চু মিয়ার ছেলে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন জানান, রাত সাড়ে ৮টার দিকে গ্যাস পাম্পের পাশে মোটরসাইকেলযোগে এসে দুর্বত্তরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় সড়কে থাকা এক শ্রমিকের পায়ে গুলি লাগে। পরে তাঁকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন থেকে একটি টহল দল ঘটনাস্থলে যায়। পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ওসি।