ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) এখনো চূড়ান্ত কোনো চুক্তি নয়। চুক্তির বাস্তবায়ন নিয়ে সন্তুষ্ট না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে এবং বোমা ফেলবে।
১৭ জুন (বুধবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নিয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে করা চুক্তি সম্পর্কে বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে, ইরানে কোনো বিনিয়োগ করবে না যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোকে বিনিয়োগে উৎসাহিতও করা হয়নি। কিন্তু ভবিষ্যতে উপসাগরীয় দেশগুলো চাইলে বিনিয়োগ করতে পারে।
ট্রাম্প অভিযোগ করেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (JCPOA) করার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে ঘুষ হিসেবে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার নগদ অর্থ দিয়ে দিয়েছিলেন।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পুনর্গঠনের জন্য কোনো তহবিল দেবে না এবং বর্তমানে কোনো বিনিয়োগ পরিকল্পনাও নেই।
সবশেষে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি চুক্তি অনুযায়ী আচরণ না করে তবে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।