জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ৫৩ বছর যে মুজিববাদী সরকার আমাদের ওপর ভারত চাপিয়ে দিয়েছিল। ২৪-এর রক্তের মধ্য দিয়ে সেই মুজিববাদী বয়ান থেকে বের হয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি, ইসলাম ও সার্বভৌমত্বের স্বপ্ন দেখেছি। যার বাপ বলেছিলেন ‘উই রিভল্ট’, তারই সন্তান তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করছেন।
১৫ জুন (সোমবার) রাজধানীর শাহবাগে বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রিয় তারেক রহমান, আমরা আপনাদের স্পষ্ট করে বলতে চাই আপনার যদি মুজিববাদে যাওয়ার ইচ্ছে হয়, মনে রাখবেন, আপনি আওয়ামী লীগের চেয়ে বড় মুজিববাদী হতে পারবেন না। আর আপনাকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, মুজিববাদের পথ বাংলাদেশের জনগণের পথ নয়। এ পথের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করবে, ইনশাআল্লাহ।
সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা যদি সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা ও নাগরিকদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনারা নাকে খত দিয়ে পদত্যাগ করুন। আর যদি সম্মানের সঙ্গে পদত্যাগ না করেন, তাহলে এ দেশের জনগণ টেনে-হিঁচড়ে পদত্যাগ করাতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সভাপতি হয়েছেন, কিন্তু তিনি আমাদের সীমান্তের হত্যাকাণ্ড, পুশইন দেখেন না। আপনার চোখে শুধু ভিন্ন দেশের করায়ত্তের মধ্য থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দেওয়া যায় সেই পথে আপনি ও তারেক রহমান হাঁটছেন।