২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নির্মাণসামগ্রীর ওপর অতিরিক্ত কর আরোপ এবং জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন গেইন ট্যাক্স আরোপের তীব্র বিরোধিতা করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। একই সঙ্গে নির্মাণসামগ্রীর ওপর অতিরিক্ত কর আরোপ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (১৫ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭ উপলক্ষে রিহ্যাবের প্রতিক্রিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মুরশিদুল হাসানসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ড. আলী আফজাল বলেন, অপ্রদর্শিত অর্থ অর্থনীতির মূলধারায় ফেরাতে সরকারের উদ্যোগ ইতিবাচক। এর ফলে আবাসন খাতে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতিতে তারল্য প্রবাহ বৃদ্ধি পাবে।
তিনি বলেন, বর্তমানে আবাসন খাত কঠিন সময় পার করছে। উচ্চ সুদহার, দীর্ঘমেয়াদি গৃহঋণের সীমাবদ্ধতা, বিক্রয় সংকট, ব্যাংকঋণের চাপ, নীতিগত অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতা খাতটিকে চাপে ফেলেছে।
রিহ্যাবের দাবি, দেশের আবাসন খাতের সঙ্গে প্রায় ২৬৯টি শিল্পখাত সম্পৃক্ত এবং নির্মাণখাত জিডিপিতে প্রায় ১৫ থেকে ১৬ শতাংশ অবদান রাখছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান এ খাতের ওপর নির্ভরশীল।
সংগঠনটি জানায়, ফ্ল্যাট ও জমি নিবন্ধনে ১৩ শতাংশের বেশি ব্যয় হওয়ায় ক্রয়-বিক্রয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ ব্যয় ৭ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিলেও তা বাজেটে প্রতিফলিত হয়নি। পাশাপাশি দীর্ঘদিনের দাবি অনুযায়ী ‘সেকেন্ডারি মার্কেট’ সৃষ্টির বিষয়টিও বাজেটে স্থান পায়নি।
ড. আলী আফজাল বলেন, জমির মালিকদের দেওয়া সাইনিং মানির ওপর বর্তমানে ১৫ শতাংশ কর রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী জমির মালিক ডেভেলপারের কাছ থেকে যে ফ্ল্যাট পাবেন, তার মূল্যেও ১৫ শতাংশ গেইন ট্যাক্স দিতে হবে। এতে আবাসন খাতে নতুন সংকট তৈরি হবে।
বাজেটে জমি, ফ্ল্যাট ও ভবন ক্রয়-বিক্রয়ে বিনাপ্রশ্নে স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।