আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) নতুন সভাপতি হয়েছেন সৈয়দ মোহাম্মদ কামাল। তাছাড়া সংগঠনটির নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা উদ্দিন আহমদ। অ্যামচেমের নতুন সভাপতি মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজধানীর শেরাটন হোটেলে গতকাল রোববার সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বাধীন অ্যামচেম বাংলাদেশের নতুন কমিটির অভিষেক হয়েছে এবং ও তাঁরা দায়িত্ব নিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যামচেম বিষয়টি জানিয়েছে। অনুষ্ঠানে অ্যামচেম বাংলাদেশের বিদায়ী সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ তাঁর দায়িত্বকালে চেম্বারের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।
সংগঠনটির নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজা উর রহমান মাহমুদ।
এছাড়া নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ন্যাটকো বাংলাদেশের এমডি আল-মামুন এম রাশেল, এক্সিলারেট এনার্জি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া, অ্যাভেরি ডেনিসন বাংলাদেশ ও শ্রীলঙ্কার জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন এবং শপআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহিম চৌধুরী।
অ্যামচেম বাংলাদেশের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালের আর্থিক সেবা, এফএমসিজি, রেমিট্যান্স ও ডিজিটাল পেমেন্ট খাতে ৩৫ বছরের বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ওয়েস্টার্ন ইউনিয়ন, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং এসিআই লিমিটেডে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অতীতে তিনি অ্যামচেম বাংলাদেশের সহসভাপতি এবং বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন অ্যামচেম বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।