স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন।”
১৩ জুন (শনিবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের ৩৯তম বার্ষিক কনভেনশন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মানবকল্যাণমূলক কার্যক্রম আরো বেগবান করা সম্ভব।”
স্পিকার আরও বলেন, “বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশে অত্যন্ত সুসংগঠিতভাবে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সংগঠনটির স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
তিনি আরোও বলেন, “সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সরকারের পাশাপাশি লায়ন্স ইন্টারন্যাশনালের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশ গঠনে লায়ন্স সদস্যদের সক্রিয় অংশগ্রহণ মানবকল্যাণে নতুন দিগন্তের সূচনা করেছে।”<span;>লায়ন্স সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও শিষ্টাচার সমাজের জন্য অনুকরণীয় বলেও তিনি উল্লেখ করেন।
স্পিকার কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং স্মারকগ্রন্থ (স্যুভেনির) এর মোড়ক উন্মোচন করেন। পরে বিশিষ্ট অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি লায়ন্স আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন মো. আশরাফ হোসেন খান হীরা। স্বাগত বক্তব্য দেন কনভেনশন চেয়ারপারসন লায়ন সাবিনা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক। এছাড়া দেশ-বিদেশের বিশিষ্ট লায়ন্স নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লায়ন্স নেতা, প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক, জেলা গভর্নর, ক্লাব প্রতিনিধি, সদস্য, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।