কৃষি উৎপাদন ব্যয় কমিয়ে কৃষকদের সহায়তা বাড়ানোর লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কীটনাশক আমদানির ওপর বড় ধরনের কর ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক আমদানির ক্ষেত্রে বর্তমানে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ করা হবে। এর ফলে কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ এই উপকরণের বাজারমূল্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কৃষি খাতের কর ব্যবস্থায় আসছে পরিবর্তন
বাজেট প্রস্তাবে কৃষি খাতের বিভিন্ন মৌলিক কৃষিপণ্য ও ভোগ্যপণ্যের ওপর উৎসে করের হারও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ হারের পরিবর্তে তা কমিয়ে ০ দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া কীটনাশক উৎপাদনে ব্যবহৃত ৩৬টি কাঁচামাল আমদানির ওপর মূল্য সংযোজন কর সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে। এতে দেশীয় পর্যায়ে কীটনাশক উৎপাদন ব্যয় হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবিত বাজেটে ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০ দশমিক ৬৩ শতাংশের সমান।