“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে কালেক্টরেট চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমান,ও সিদ্দিকা সোহেল রশিদ সমাজসেবা কার্যালয়ে বিশেষ অতিথি।
সভায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপদ চলাচল, সাদাছড়ির ব্যবহার, সামাজিক মর্যাদা ও স্বাবলম্বী হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল নিরাপদ করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজের সব ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, তাঁদের পাশে দাঁড়ানো এবং সমাজে সমান অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।