নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লুৎফুজ্জামান বাবর চান তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা ধর্মীয় অনুশাসন মেনে চলুন। এ উদ্দেশ্যেই নিজস্ব অর্থায়নে ৪৭ জনকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন তিনি।
হায়দার আলী জানান, ওমরাহ পালনে যাওয়া ৪৭ জনের মধ্যে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন এবং খালিয়াজুরীর ১১ জন রয়েছেন। তাদের সঙ্গে তিনিও সৌদি আরবে গেছেন। তবে লুৎফুজ্জামান বাবর নিজে এই কাফেলার সঙ্গে সৌদি আরব যাননি।
ওমরাহ পালনে যাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
এ ছাড়া মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল রয়েছেন। খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানও এই দলে রয়েছেন।
মোহনগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল বলেন, ‘আমাদের এমপি নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলেন। তিনি চান আমরাও ধর্মীয় অনুশাসন মেনে চলি। সেই উদ্দেশ্যেই তিনি আমাদের ওমরাহ পালনের জন্য পাঠাচ্ছেন। আল্লাহ যেন তার নিয়ত কবুল করেন এবং আমাদের ওমরাহ কবুল করেন। আমরা তার প্রতি অশেষ কৃতজ্ঞ।’