সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের দুঃশাসনে দেশে মাদকের বিস্তার ঘটেছে। তার দাবি, ২০০৬ সাল পর্যন্ত তিনি টানা ছয়বার সংসদ সদস্য (এমপি) থাকলেও দেশে এ ধরনের মাদক সমস্যা, দখলবাজি ও চাঁদাবাজির চিত্র ছিল না।
১২ সেপ্টেম্বর (শনিবার) দুপুর সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, আওয়ামী লীগের ১৭ বছরে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন, শেখ হাসিনাসহ তাদের অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। এমনকি প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ক্যান্টনমেন্টে ৬০০ পুলিশ কর্মকর্তা আশ্রয় নিয়েছেন। ৬২৭ জন পুলিশ কর্মকর্তা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন। মানুষ পেলে তাদের ছিঁড়ে ফেলতো।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে হাফিজ উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারকে খুশি করতে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন থানায় পুলিশ সদস্যরা সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন। তার দাবি, এ কারণেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে পিয়ন-চাপরাশি পর্যন্ত সবাই পালিয়ে যাচ্ছে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, কিছুদিন আগে বেনজীর আহমেদের কাহিনি দেখেছেন। তিনি কত বড় চোর! বাংলাদেশের জায়গা-জমির বড় একটি অংশ নিজের, স্ত্রী ও সন্তানদের নামে লিখে নিয়েছেন। বনাঞ্চল দখলে নিয়েছেন। কত জায়গায় বাড়িঘর করেছেন, তার কোনো সীমা নেই।
তিনি আর বলেন, এসব ঘটনার কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।