• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনে নতুন আচরণবিধি প্রকাশ ইসির

ইউনাইটেড ডেস্ক / ৬ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য নতুন আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে স্পষ্ট করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ আচরণবিধি প্রকাশ করা হয়েছে।

নতুন আচরণবিধিতে নির্বাচনি প্রচারে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রচারণায় মিছিল, শোভাযাত্রা ও মোটরসাইকেল শোডাউনের ওপরও বিধিনিষেধ রাখা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োগ করা কিছু নতুন বিধানও স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিতে যুক্ত করা হয়েছে।

আচরণবিধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নির্বাচনি প্রচারণার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রাখা হয়েছে। এআইয়ের মাধ্যমে এমন কোনো কনটেন্ট তৈরি বা প্রচার করা যাবে না, যা বিভ্রান্তি সৃষ্টি করে কিংবা নির্বাচনি পরিবেশকে প্রভাবিত করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ব্যয়ও প্রার্থীর নির্বাচনি ব্যয়ের হিসাবে অন্তর্ভুক্ত হবে।

নির্বাচনি প্রচারে ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহারের সুযোগ থাকলেও আকার ও ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। প্রচারণায় প্রার্থীর নিজের ছবি ও নির্বাচনি প্রতীক ব্যবহারের বিষয়েও বিধিনিষেধ নির্ধারণ করা হয়েছে।

নতুন বিধিমালায় মাইক বা শব্দবর্ধক যন্ত্র ব্যবহারের সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের বাইরে শব্দবর্ধক যন্ত্র ব্যবহার করে প্রচারণা চালানো যাবে না। একইসঙ্গে নির্বাচনি প্রচারে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার ওপরও বিধিনিষেধ রয়েছে।

ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে আয়োজন করা হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এ ভোটপর্ব শুরু করার পরিকল্পনা রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউপি নির্বাচনের কর্মপরিকল্পনা ও তফসিলের বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category