• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সংকট প্রেক্ষাপটে বিরোধী দলের লংমার্চ অনুচিত: চিফ হুইপ

ইউনাইটেড ডেস্ক / ১২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আন্দোলন করা বিরোধী দলের অধিকার হলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই কর্মসূচি আরও কিছুদিন পরে হলে ভালো হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, আমরা এক ভঙ্গুর অর্থনীতি-গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। সংকটের প্রেক্ষাপটে বিরোধী দলের লংমার্চের সিদ্ধান্ত অনুচিত ছিলো।

শনিবার (৫ সেপ্টেম্বর) এমপি হোস্টেলে নিজ দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশনের (বিডিজেএ) নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা এক ভঙ্গুর অর্থনীতি ও ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করা হয়েছিল এবং দেশের বিপুল সম্পদ নিঃশেষ করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলা হয়েছিল।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জীবনযাপনের নাটক করলেও বাস্তবে দেশের চরম ক্ষতি করে গেছেন। বিগত সরকার একটি নির্দিষ্ট দেশের সঙ্গে ৯৮ শতাংশ গ্যাস চুক্তি করে জ্বালানি খাতকে চরম সংকটে ফেলে গেছে। বিদ্যুৎ খাতের সেই দায়ভার এখন আমাদের বহন করতে হচ্ছে।

জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের নেওয়া নতুন পদক্ষেপের কথা জানিয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে কেউ যদি বাসাবাড়ির ছাদে বা অন্য কোথাও সোলার সিস্টেম তৈরি করেন, তবে তিনি ট্যাক্স বেনিফিট পাবেন। নবায়নযোগ্য শক্তিতে মানুষকে আগ্রহী করতে ১০ থেকে ৫০ টাকা রেটিং সুবিধা দেওয়া হচ্ছে। এশিয়ায় পাকিস্তান সোলার সিস্টেমে যেমন সাফল্য পেয়েছে, আমাদের দেশেও এ উদ্যোগ বাস্তবায়িত হলে দ্রুত জ্বালানি সমস্যা সমাধান সম্ভব।

বিরোধী দলের কর্মসূচি বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, সরকারি দল থেকে রাজপথে তাদের বিরুদ্ধে কোনো সংঘাতময় কর্মসূচি দেওয়া হবে না। আমরা মানুষের বিবেকের কাছে বিচার দেব। জনগণ বোকা নয়, তারা সব বোঝে। ছয় মাস সময় পাওয়ার আগেই যদি রাজপথে নেমে যাওয়া হয়, তবে মানুষই তা মূল্যায়ন করবে।

তিনি বলেন, দেশের বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে সংসদের আগামী অধিবেশনেই বিস্তারিত আলোচনা হবে এবং সব দল থেকে আসা নোটিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category