• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ হজযাত্রী, মৃত্যু ১৮ জনের

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ বাংলাদেশি হজযাত্রী। এদিকে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে চলতি মৌসুমে মোট ১৮ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন ফেনীর সোনাগাজীর বাসিন্দা সাজেদা বেগম (৫৬)। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। রোববার মক্কায় তার মৃত্যু হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মে সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রায় এখন পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৬টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্স ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।

সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্ক দিয়েছে ১৮ হাজার ২১০টি সেবা।

মৃত ১৮ জন হজযাত্রীর মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category