ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। পরবর্তীতে উচ্চ মহলের নির্দেশে প্রবেশের অনুমতি মিললেও দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র দেশের এক শীর্ষ পর্যায়ের দৈনিককে এমন তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকার একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘রহস্যজনক’ কারণে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধির সফর নিয়ে আগেভাগে চিঠি দিয়ে ও ফোনে যোগাযোগের পর দিল্লির বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা আজ সকালে গণমাধ্যমকে জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ওই বৈঠকে উপদেষ্টার অংশ নেওয়ার বিষয়টি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। এর পাশাপাশি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সফরের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন।
দিল্লিতে আজ শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান গতকাল রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তাঁর বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
সরকারি সূত্রে জানায়, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিস্তারিতভাবে জানার পর কী পদক্ষেপ নেওয়া হবে।