বলিউড পরিচালক ডেভিড ধাওয়ান–এর নতুন সিনেমা হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়–এর ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিনেত্রী মৌনি রায়–এর চরিত্র।
ট্রেলারে দেখা যায়, প্রায় সমবয়সী হওয়া সত্ত্বেও মৌনি রায়কে বরুণ ধাওয়ানের ‘নকল মা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়েই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। ৩৯ বছর বয়সী বরুণ ও ৪০ বছর বয়সী মৌনিকে মা-ছেলের চরিত্রে দেখানোকে অনেকে অস্বাভাবিক ও অযৌক্তিক বলে মন্তব্য করছেন।
ট্রেলারের এক দৃশ্যে বরুণের চরিত্রকে বন্ধুর কাছে ‘নিরূপা রায়ের মতো’ একজন মায়ের ব্যবস্থা করতে দেখা যায়। এরপরই জমকালো সাজে পর্দায় হাজির হন মৌনি রায়। এই দৃশ্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “এটি আর কমেডি নয়, বরং পুরোনো ধাঁচের জোর করে বানানো হাস্যরস।” আবার কেউ কেউ চলচ্চিত্রটির কনটেন্টকে “ব্রেইন রট” বা মানসিক অবক্ষয় তৈরি করে এমন উপস্থাপনা বলেও সমালোচনা করেছেন।
এদিকে ছবিতে জিমি শেরগিল–এর চরিত্র নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, পুরোনো বলিউডি ধাঁচের রসিকতা ও অতিরঞ্জিত কমেডিই হতে যাচ্ছে ছবিটির মূল আকর্ষণ।