রাজধানীতে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসা লক্ষ্মীপুরের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ২০২৫-২৬ সেশনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল হোসেন।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ কামরুল হাসান, এস কে আর পি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, এস এম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলাইমান, কাদের অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল কাদের, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মো. হিমেল অর রশিদ ভূঁইয়া এবং সাবেক সভাপতি ডা. রোকন উদ্দিন। এ ছাড়া ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
সংগঠনটির সভাপতি রিফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক শাহানিম সাইফ রুহান ও বর্তমান সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
বক্তারা বলেন, ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম শুধু আঞ্চলিক বন্ধনের জায়গা নয়, শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, মূল্যবোধের চর্চা ও নেতৃত্ব বিকাশেরও একটি ক্ষেত্র। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, দায়িত্বশীলতা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীরা সংগঠনটির অংশ হতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করেন। তাঁরা বলেন, এমন আন্তরিক অভ্যর্থনা তাঁদের মধ্যে সংগঠনটির প্রতি ভালো লাগা ও সম্পৃক্ততার অনুভূতি তৈরি করেছে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, অতিথি এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে স্মারক ও সম্মাননা দেওয়া হয়। পরে সভাপতি রিফাত রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।