• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

রায়পুরে নিখোঁজের ৪ দিনেও মেলেনি ২ শিক্ষার্থীর সন্ধান

লক্ষ্মীপুর প্রতিনিধি: / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ঘটনার তিনদিন পার হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজদের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো-উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪) এবং চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের ছেলে ইকরামুল হাসান মিনহাজ (১৪)। সায়েম রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। কিন্তু বিকেলে নির্ধারিত সময় পার হয়ে গেলেও তারা বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সায়েম ও মিনহাজের বন্ধু, সহপাঠী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাসাবাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস পাননি। পরবর্তী সময়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন উদ্বেগের কথা জানিয়ে বলেন, রোববার সকালে পড়ালেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান মিলছে না। সন্তানদের নিয়ে আমরা তীব্র দুশ্চিন্তায় আছি।

সন্তানদের দ্রুত উদ্ধারে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সর্বসাধারণের সহযোগিতা চেয়েছেন তারা। নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিচয় ও ছবি দিয়ে কোথাও দেখা গেলে সরাসরি পরিবার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় পৃথক দুটি জিডি লিপিবদ্ধ করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তাদের সন্ধান ও উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category