ধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে এবং আগামী দিনেও ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। একইসঙ্গে সরকারের সাত মাসে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
সরকারের সাত মাস পূর্তি উপলক্ষ্যে আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন এসব কথা বলেন। গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকারের পথ চলা শুরু হয়। এসময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এ এস এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, সহকারি প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, আশরোফা ইমদাদ, মিডিয়া সমন্বয়ক তারিকুল ইসলাম, চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহ্দী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি ব্যবসায়ী ও গণমাধ্যমের সাথে বৈঠকে গ্যাস সরবরাহ সংকট কাটিয়ে দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অত্যন্ত স্বল্প সময়ে গতকাল থেকে তা বাস্তবায়ন শুরু হয়েছে। শিল্পকারখানাগুলো আবারও সচল রাখা এবং বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা ধরে রাখতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে।’
সরকারের সাত মাসের অগ্রগতি তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ‘নির্বাচিত সরকার গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ১৬ বছরের শাসন-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে নতুনভাবে দেশকে পুনর্গঠন করা হচ্ছে। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বর্তমান সরকার জনগণের প্রকৃত কল্যাণ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ।’
মাহ্দী আমিন বলেন, ‘একটি সুখবর দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি’র রেটিংয়ে বাংলাদেশকে গতকাল (মঙ্গলবার) নেতিবাচক থেকে একটা লম্বা সময় পর স্থিতিশীল অবস্থায় ফেরত আনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সারাবিশ্বে একটি স্থিতিশীল রাষ্ট্র।’
তিনি আরো বলেন, ‘যার প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি— শুধু বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগই বাড়বে না, আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাই বাড়বে না বরং আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ নারী যুবকদের ক্ষমতায়নের জন্য যে কর্মসংস্থান প্রয়োজন, সেটিও একটি ইতিবাচক ধারায় সামনের দিকে এগিয়ে যাবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনকল্যাণে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে গত এক মাসে বাস্তবায়িত ও গৃহীত এই কর্মযজ্ঞ প্রমাণ করে যে, বর্তমান সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও জবাবদিহিতার মাধ্যমেই জনগণের প্রকৃত কল্যাণ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। বৈদেশিক ঋণের চাপ সফলভাবে মোকাবিলা করা থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন ধরনের অতি প্রয়োজনীয় সংস্কার, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতকরণ, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যখাতের বৈপ্লবিক উন্নয়ন এবং কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করাসহ প্রতিটি পদক্ষেপে সরকারের দেশপ্রেম ও জনকল্যাণমুখী মানসিকতার প্রতিফলন ঘটেছে।’