পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক হামলার ঘটনার মধ্যেই এবার দুটি কনটেইনার জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, জব্দ করা জাহাজ দুটি ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, জাহাজ দুটির নাম ‘এমএসসি ফ্রান্সেসকা’ ও ‘এপামিনোডস’।
সংস্থাটির দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল এবং নেভিগেশন সিস্টেমে কারচুপির অভিযোগে জাহাজ দুটিকে জব্দ করা হয়েছে। এসব কার্যক্রম সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছিল বলেও উল্লেখ করা হয়।
এদিকে, রয়টার্স-এর প্রতিবেদনে যুক্তরাজ্যের ইউকেএমটিও জানায়, একই দিনে ভোরে হরমুজ প্রণালিতে তিনটি কনটেইনার জাহাজে হামলার ঘটনা ঘটে।
একটি জাহাজের ক্যাপ্টেন জানান, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই আইআরজিসির একটি গানবোট হঠাৎ কাছে এসে গুলিবর্ষণ শুরু করে। এতে জাহাজের নিয়ন্ত্রণ কক্ষ বা কমান্ড ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও ক্রু সদস্যরা অক্ষত রয়েছেন।
তবে আক্রান্ত জাহাজগুলোর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালিতে এমন ধারাবাহিক ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
শিরোনাম :
হরমুজ প্রণালিতে উত্তেজনা: হামলার পর দুই জাহাজ জব্দ করল ইরান
-
Reporter Name - Update Time : 01:05:50 pm, Wednesday, 22 April 2026
- 63
Tag :
জনপ্রিয় নিউজ























