• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ইসলামী আন্দোলনের আমির ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

ইউনাইটেড ডেস্ক / ৩২ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে মানহানির অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন জালাল আহমেদ খোকন তালুকদার নামের কুমিল্লার এক ব্যক্তি।

গত শনিবার (২০ জুন) কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলাটি দায়ের করা হয়।২৪ জুন (বুধবার) বিষয়টি জানাজানি হয়।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন খোকন তালুকদার। মামলার বাদী অভিযোগপত্রে নিজেকে কুমিল্লা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়েছেন। তবে তিনি মহানগর যুবদলের কোনো ইউনিটের সদস্য নয় বলে নিশ্চিত করেছেন মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান।

মামলার বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাইবার সুরক্ষা আইন ২০২৬-এ মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তানাধীন আছে। মামলায় মুফতি ফয়জুল করীম ছাড়াও আরও একজনের নাম উল্লেখ করা হয়েছে। তিনি হলেন কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মৃত আবদুল খালেকের ছেলে কাদের মিয়াজী।

মামলার অভিযোগ করা হয়, গত ১৯ জুন মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করেন মুফতি ফয়জুল করীম। তিনি বলেন, মনিরুল হক চৌধুরীর দাঁড়ি রাসুলের সুন্নাতের দাঁড়ি নয়, তার দাঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি। আমি মনে করি তার (মনিরুল হক চৌধুরীর) টুপি ইহুদিদের টুপি। তার পোশাক খৃষ্টান পাদ্রীদের পোশাক। তার এই বক্তব্য বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়।
এ ছাড়া, একটি ফেসবুক আইডি থেকে সংসদ সদস্যের ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়। বিবাদীরা মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়।

মামলার বিষয়টি জানতে অভিযোগকারী জালাল আহমেদ খোকন তালুকদারকে ফোন করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আমরা কারও বিরুদ্ধে মামলা করলে তো আনুষ্ঠানিকভাবে করব, লুকিয়ে নয়। আমি এই মামলার বিষয়টি এখনই শুনলাম আপনার (প্রতিবেদকের) মাধ্যমে। কে মামলা করেছে আমি তাকে চিনিও না। বিষয়টি খবর নিয়ে দেখছি। আবার যে বক্তা বক্তব্যগুলো দিয়েছেন তিনি তো ভালো বক্তব্য দেননি। আমি সংসদে মাননীয় স্পিকারকে চিঠি দিয়েছি এ বিষয়ে।

কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান বলেন, খোকন তালুকদার নামের মহানগর যুবদলের কোনো ইউনিটে কেউ নেই। খোঁজ নিয়ে জেনেছি তিনি যুবলীগের কর্মী ছিলেন, তবে যুবলীগে তার পদ-পদবি ছিল না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা মহানগর শাখার সভাপতি এমএম বিলাল হোসাইন বলেন, মুফতি ফয়জুল করীম ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে একজন নির্যাতিত নেতা। তার বিরুদ্ধে মামলার অভিযোগটি মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আশা করছি অবিলম্বে এই মিথ্যা অভিযোগের মামলা প্রত্যাহার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category