২৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে ফিরেছে কভেন্ট্রি সিটি। কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে শুক্রবার ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে ড্র করে তিন ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগে প্রমোশন নিশ্চিত করেছে দলটি।
প্রমোশন নিশ্চিত করতে মাত্র এক পয়েন্টই দরকার ছিল কভেন্ট্রির। তবে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে তারা।
কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়তা—যোগ করা সময়ে ববি থমাসের হেড থেকে আসে সমতা সূচক গোল, যা নিশ্চিত করে বহু প্রতীক্ষিত প্রমোশন।
চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা কভেন্ট্রির সংগ্রহ এখন ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট। ফলে তৃতীয় স্থানে থাকা মিলওয়ালের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে তারা। অন্যদিকে দ্বিতীয় সরাসরি প্রমোশনের জন্য লড়ছে ইপ্সউইচ টাউন, মিলওয়াল, সাউদাম্পটন ও মিডলসব্রুগ।
ম্যাচ শেষে আবেগাপ্লুত ল্যাম্পার্ড বলেন,
“থমাসের গোলটা ছিল অবিশ্বাস্য মুহূর্ত। আমরা জানতাম আমরা খুব কাছাকাছি, কিন্তু ২৫ বছর পর এটা নিশ্চিত করা—অসাধারণ অনুভূতি।”
চেলসি ও ইংল্যান্ডের সাবেক এই তারকা কোচের ক্যারিয়ারে এটি প্রথম প্রমোশন। তিনি বলেন,
“এটা একটা বড় ক্লাব। ছেলেরা ইতিহাস গড়েছে। আমার কোচিং ক্যারিয়ারে এটি অন্যতম সেরা অর্জন।”
প্রিমিয়ার লিগে ওঠার ফলে আর্থিকভাবেও বড় লাভবান হবে কভেন্ট্রি। চ্যাম্পিয়নশিপ থেকে প্রমোশন পেলে সম্প্রচার আয়ের কারণে তিন মৌসুমে প্রায় ১২০ থেকে ১৭০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত আয় হতে পারে। এমনকি শীর্ষ লিগে শেষ দলও প্রথম মৌসুমে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি পায়।
উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রথমবার শীর্ষ লিগে উঠে টানা ৩৪ মৌসুম খেলেছিল কভেন্ট্রি। তবে ২০০০-০১ মৌসুমে অবনমন হয় তাদের। এরপর আর্থিক সংকট, নিম্ন লিগে পতন, এমনকি স্টেডিয়াম সংকটে অন্য মাঠে খেলতে বাধ্য হওয়ার মতো কঠিন সময় পার করেছে ক্লাবটি।
২০১৭ সালে তারা নেমে যায় চতুর্থ স্তরে—যা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে কঠিন অধ্যায়। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অবশেষে আবারও ইংল্যান্ডের সর্বোচ্চ ফুটবল মঞ্চে ফিরল কভেন্ট্রি সিটি।
Reporter Name 





















