ক্রীড়া ডেস্ক
দীর্ঘ সাড়ে সাত বছর পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষে ফিরল ফ্রান্স। সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনকে টপকে দুই ধাপ এগিয়ে এক নম্বরে উঠে এসেছে ফরাসিরা। বর্তমানে তাদের অর্জিত পয়েন্ট ১৮৭৭.৩২। এর আগে সর্বশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ফ্রান্স।
ফ্রান্সের এই উত্থানে এক ধাপ করে নিচে নেমে গেছে স্পেন ও আর্জেন্টিনা। ১৮৭৬.৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে স্পেন। আর ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
র্যাংকিংয়ে অবনতি হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও। এক ধাপ পিছিয়ে পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে তারা (পয়েন্ট ১৭৬১.১৬)। অন্যদিকে ব্রাজিলকে টপকে এক ধাপ উন্নতি হয়েছে পর্তুগালের। ১৭৬৩.৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
এদিকে আন্তর্জাতিক ফুটবলে টানা পরাজয়ের নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের র্যাংকিংয়েও। ১৮০তম স্থান থেকে ১৮১তম স্থানে নেমে গেছে লাল-সবুজের দল। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮৯৯.৫৩। গত ২৬ মার্চ ভিয়েতনামের কাছে ৩-০ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারের ফলে মোট ৯.১৮ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।
ইউনি/শাহোরা.
Reporter Name 


















