সারা দেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে। এবার ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
শিক্ষা প্রশাসন জানিয়েছে, নকল, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারি রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
প্রকাশিত রুটিন অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডে দাখিলের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী রয়েছে।
এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে চার লাখের বেশি। এক বিষয়ে উত্তীর্ণ হওয়ার জন্য প্রায় ২ লাখ ৬১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, আর বাকিরা দুই বা তার বেশি বিষয়ে পরীক্ষা দিচ্ছে।
Reporter Name 






















