আন্তর্জাতিক ডেস্ক
একই দিনে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরান দাবি করেছে, শুক্রবার তাদের মধ্যাঞ্চলে মার্কিন বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
ওই যুদ্ধবিমানে থাকা দুই ক্রূর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে মার্কিন স্পেশাল ফোর্সের পক্ষ থেকে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।
এদিকে প্রায় একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান—এ-১০ ওয়ার্থগ—বিধ্বস্ত হয়। মূলত ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহৃত এই বিমানটি কোনো অভিযান চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্বস্তির বিষয়, এই বিমানের একমাত্র পাইলটকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভেট জানিয়েছেন, পুরো বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া এফ-১৫ বিমানের ক্রূকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, এফ-১৫ যুদ্ধবিমানে সাধারণত একজন পাইলট এবং একজন অস্ত্র সিস্টেম অফিসার থাকেন। তবে নিখোঁজ ওই কর্মকর্তার বর্তমান অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং সামরিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
Reporter Name 



















