বাংলাদেশ স্কাউটস রোভার শাখার সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট ‘অ্যাওয়ার্ড অর্জনের পথে এক অনন্য মাইলফলক স্পর্শ করতে দুঃসাহসিক অভিযানে নেমেছেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের তিন সাহসী সদস্য। ৫ দিনে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে বুধবার ভোর ৬টায় নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে তাদের এই দীর্ঘ যাত্রা শুরু হয়।
সেবামূলক আদর্শ এবং শারীরিক ও মানসিক সক্ষমতার কঠিন পরীক্ষা দিতে এই তিন রোভার তাদের রুট সাজিয়েছেন দেশের বিভিন্ন জেলাজুড়ে। তাদের এই যাত্রা নরসিংদী থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও হবিগঞ্জ
দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে তারা শেষ গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে তাদের ৫ দিনের এই সফরের সমাপ্তি টানবেন।
স্কাউটিংয়ের মূলমন্ত্র সেবা এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা প্রমাণ করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট’ বা পিআরএস অ্যাওয়ার্ড হলো একজন রোভারের জন্য সর্বোচ্চ অর্জন, যার জন্য নির্দিষ্ট কিছু চ্যালেঞ্জিং শর্ত পূরণ করতে হয়। এই ৫০০ কিলোমিটারের পরিভ্রমণ বা ‘র্যাম্বলিং’ সেই অর্জনেরই একটি অবিচ্ছেদ্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
যাত্রার প্রাক্কালে ইনস্টিটিউটের শিক্ষক, সহপাঠী এবং স্কাউট নেতৃবৃন্দ তাদের এই অসীম সাহস ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তাদের এই সফরের সফলতা এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছেন।
স্কাউটিংয়ের সেবামূলক আদর্শ নিয়ে এগিয়ে যাওয়া এই তিন তরুণ তাদের লক্ষ্য অর্জনে সফল হয়ে নরসিংদী পলিটেকনিক ও দেশের স্কাউটিং অঙ্গনে গৌরব বয়ে আনবেন—এমনটাই প্রত্যাশা সকলের।
Reporter Name 



















