নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ (শনিবার) বিকেলে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
জানা গেছে, বিকেল ৫টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি শুরু হবে। গত ২ এপ্রিল লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ তথ্য নিশ্চিত করেন।
হামিদুর রহমান আযাদ অভিযোগ করে বলেন, সরকার গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, শুধু সংবিধান সংশোধন নয়, বরং পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন। আর এজন্য গণভোটের রায় মেনে নেওয়া অত্যন্ত জরুরি।
তিনি আরও সতর্ক করে বলেন, যদি সরকার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে ব্যর্থ হয়, তাহলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সেমিনার, গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে জনমত গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিকে শুক্রবার জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে উপেক্ষা করাই ফ্যাসিবাদের লক্ষণ। তিনি দাবি করেন, দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না এবং জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোটের আন্দোলন চলবে।
সংবিধান প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জামায়াতে ইসলামী কোনো আংশিক বা কাটাছেঁড়া সংবিধান চায় না, বরং জনগণের মতামতের ভিত্তিতে একটি চূড়ান্ত সংবিধান চায়।
বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে।
Reporter Name 






















