• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

৬১৫৭ দিন পর এমন কীর্তি গড়লেন তাসকিন

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ক্রিড়া প্রতিবেদক

 

 

অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই ইতিহাস গড়লেন তাসকিন আহমেদ। ম্যাচের প্রথম বলেই ম্যাথু শর্টকে সাজঘরে ফেরানোর মাধ্যমে ৬১৫৭ দিনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন বাংলাদেশের এই পেসার। প্রায় ১৭ বছর পর ওয়ানডে ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলার ইনিংসের প্রথম ডেলিভারিতেই উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

 

বাংলাদেশের করা ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের উদ্বোধনী বলে হার্ড লেন্থে করা তাসকিনের ডেলিভারিটি সিমে পড়ে ভেতরের দিকে ঢুকে যায়। ব্যাকফুটে খেলার চেষ্টা করেছিলেন ম্যাথু শর্ট, কিন্তু বলের গতি ও মুভমেন্ট বুঝতে ব্যর্থ হয়ে পরাস্ত হন তিনি। ফলে প্রথম বলেই তাকে ফিরে যেতে হয় ড্রেসিংরুমে।

 

দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম ম্যাচের উদ্বোধনী বলে উইকেটের দেখা পেলেন তাসকিন। এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেললেও এর আগে এমন অর্জন তার ঝুলিতে ছিল না। অভিষেক ওয়ানডেতেই পাঁচ উইকেট নেওয়া এই ডানহাতি পেসার এবার যুক্ত হলেন আরেকটি বিরল রেকর্ডের সঙ্গে।

 

ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট শিকার করা বাংলাদেশি বোলারদের তালিকায় তাসকিন চতুর্থ নাম। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েছিলেন সাইফুল ইসলাম। এরপর ২০০৬ সালে সৈয়দ রাসেল এবং ২০০৯ সালে মাহবুবুল আলমও ম্যাচের প্রথম বলেই প্রতিপক্ষকে আঘাত হেনেছিলেন।

 

তবে মাহবুবুল আলমের সেই সাফল্যের পর টানা ৬১৫৭ দিন কোনো বাংলাদেশি বোলার ওয়ানডেতে ইনিংসের প্রথম বলেই উইকেট নিতে পারেননি। অবশেষে তাসকিন আহমেদ সেই দীর্ঘ প্রতীক্ষার ইতি টানলেন।

 

যদিও ওয়ানডেতে এটি তার প্রথম এমন সাফল্য, টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে দুবার ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার অভিজ্ঞতা হয়েছে তার। ২০২২ সালে নেদারল্যান্ডস এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের উদ্বোধনী বলেই উইকেট শিকার করেছিলেন তিনি। এবার সেই অনন্য কীর্তির তালিকায় যুক্ত হলো ওয়ানডে ক্রিকেটও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category