নিজস্ব প্রতিবেদক
আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো ব্যক্তি দলীয় পরিচয় বা প্রতীক ব্যবহার না করে এবং নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে প্রার্থী হতে পারবেন। তবে প্রচারণায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বা দলীয় অবস্থান তুলে ধরলে তা সমস্যার কারণ হতে পারে।
আওয়ামী লীগের কোনো নেতা বা পদধারী ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এ বিষয়ে তিনি বলেন, সংগঠনের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় দলীয় পদ-পদবি ব্যবহারের সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলে তার প্রার্থী হওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।